৬৩২ দিন পর টেস্টে ফিরে শতক হাঁকিয়ে সাজঘরে পান্ট
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রিশভ পান্টের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর সেরে উঠে ক্রিকেট মাঠে লম্বা সময় পর ফিরেছিলেন। এবার দীর্ঘ ৬৩২ দিন পর টেস্টে ফিরেই শতক হাঁকালেন । সেঞ্চুরির অপেক্ষায় থাকা শুভমান গিলের সঙ্গে এরই মধ্যে গড়েছেন দেড় শতাধিক রানের জুটি। তাতে ভারতের লিডের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৩৪ রান। খানিক আগে মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৮ বলে ১৩ চার ও ৪টি ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন পান্ট। গিল ৮৮ ও লোকেশ রাহুল শূন্য রানে রানে ক্রিজে রয়েছেন। চতুর্থ উইকেটে তারা দুজন ১৬৭ রানের গড়েছেন। স্বাগতিকরা ৪৬১ রানের লিডে রয়েছে।
ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২২৭ রানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা।
.png)
শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে। পেসার ও স্পিনাররা কেউই টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন গিল। পরে মিরাজের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম ফিফটি তুলে নেন পান্ট। ঘরের মাঠে খেলা ৯ টেস্টের ৮টিতেই তিনি কমপক্ষে ৫০ রানের ইনিংস খেলেছেন।
ব্যক্তিগত ৭২ রানে পান্ট জীবন পান। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গেলে বল শূন্যে উঠে যায়। লং অনে অতি সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন।