ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ১৭ নভেম্বর ২০২৪
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে ২ পরিবর্তন
ফাইল ছবি

আগামী ২০ নভেম্বর চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। সেই ম্যাচের তিন দিন আগে স্কোয়াডে দুই পরিবর্তন এনেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কোয়াডে থাকা দুই খেলোয়াড়ের ইনজুরি এবং নিষেধাজ্ঞার কারণে তাদের বদলে অন্য দুজনকে বেছে নিতে হয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ভ্যান্ডারসন।

টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলেন এ ফুটবলার। নিয়মানুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। আর ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় ডিফেন্ডার গুইলহার্মে আরানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল।  

এই দুজনের বদলি হিসেবে স্কোয়াডে নেয়া হয়েছে ফিওরেন্তিনার তারকা ডোডো এবং বোটাফোগোর ডিফেন্ডার অ্যালেক্স টেলেসকে। রোববার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে বদলি খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।  

উরুগুয়ের ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে সালভাদরে পৌঁছে গেছে ব্রাজিল। দেশটির ফুটবল ফেডারেশনের দেয়া তথ্যমতে, সেখানেই দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন ডোডো এবং টেলেস।  

আগামী ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় ম্যাচের ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিক ব্রাজিল।

অবশ্য উরুগুয়ের কাছে নিজেদের শেষ ম্যাচে হেরেছে সেলেসাওরা। কোপা আমেরিকার সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন আমেরিকা গ্রুপে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ব্রাজিল। সমান ১১ ম্যাচ খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উরুগুয়ে। এই গ্রুপে সবার শীর্ষে অবস্থান আর্জেন্টিনার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!