ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ নারী নক্ষত্র ]

আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও প্রথম নারী শহীদ হিসেবে পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়ার পর ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি।

পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পরে পটাশিয়াম সায়ানাইড সেবন করে আত্মাহুতি দেন প্রীতিলতা। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

Advertisement

মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের প্রধান কেরানি ছিলেন। মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী।

প্রীতিলতা চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৭ সালে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ ম্যাট্রিক পাস করেন। পরে ইডেন মহিলা কলেজে পড়ার সময় বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন।

১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইএ পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন শেষে প্রীতিলতা নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে নারী বিপ্লবীদের সংগঠিত ও প্রশিক্ষিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সেই অভিযানে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন প্রীতিলতা। তাঁর আত্মত্যাগ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে নারী বিপ্লবীদের সাহস ও সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!