কোথায় হারিয়ে গেল মা
শীতল রাতে আচমকা হাতটা ফসকে গেল-
তাঁর মুখ জমাট কুয়াশার মতো অস্পষ্ট
ভোরের ঘাসের ডগায় রোদ আসার আগেই
বুঝলাম, মা নেই।
কোথায় হারিয়ে গেল মা! কোন নিস্তব্ধতায়!
নদীর জলের মতো তাঁর শাড়ির আঁচল,
হাতের গন্ধ লেগে থাকা স্নিগ্ধ নরম বাড়ি-
বদলে যেতে যেতে শুভ্র শূন্যতায় মিশে গেল।
.png)
উঠোনের ডালে পাখিরা ঝিমায় ক্লান্ত ডানায়,
আমগাছের ছায়ায় এসে দাঁড়ায় দীর্ঘশ্বাস-
কাঠবিড়ালি আর কালো বিড়াল চুপচাপ।
একা আমি মাঠের পরে মাঠ হেঁটে বেড়াই,
পাকা ধানের শিষ ছুঁয়ে বারবার শুধাই-
কোথায় হারিয়ে গেল আমার মা- কতদূরে!
কেউ কিছু বলে না-
বাতাসে ধানের শীষ নুয়ে আসে
ঘুঘু ডাকে একটানা করুণ গলায়
আলো নিভে যায় সন্ধ্যার দিগন্তরেখায়,
রাতজাগা ভোরের শিশিরও ক্লান্ত হয়-
পড়ে থাকে বুনো ঘাস
ঝরে পড়া নয়নতারা
শুকনো সুপুরির পাতা
শ্যাওলা সবুজ বিমর্ষ পুকুর।
মাঠের পরে মাঠ হেঁটে যাই,
মায়ের গন্ধ পাই না কোথাও-
কোথায় হারিয়ে গেল আমার মা,
কোন অবেলায়!