ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় উত্তেজনা, ডিম নিক্ষেপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ১৬ জুন ২০২৬
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় উত্তেজনা, ডিম নিক্ষেপ
ভিডিও থেকে নেওয়া।

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রবাসী নেতা-কর্মীরা এই সভার প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে শতাধিক ব্রিটিশ পুলিশ মোতায়েন করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 স্থানীয় সময় সোমবার (১৬ জুন) বিকালে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কিছু লোক তাদের পিছু নেয় এবং বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করতে থাকে। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। এর জের ধরে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

 উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি বেষ্টনীর মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। সভা শেষে পুলিশের বিশেষ পাহারায় তিনি স্থান ত্যাগ করেন। স্থানীয় সূত্রমতে, বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যে তিনজনকে আটক করা হয়েছে, তার মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামনে এসেছে। তবে আটকদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের এই আচরণ ছিল কাপুরুষোচিত ও উসকানিমূলক। আড়াল থেকে এসে উত্তেজনা সৃষ্টি করা এবং জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া প্রমাণ করে যে, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এখনো ভয়ভীতি প্রদর্শন, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!