১৭ বছর প্রবাসেও দেশের সংকটে পাশে ছিলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে থেকেও দেশের যেকোনো সংকট ও দুর্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ জাতীয় পর্যায় পেরিয়ে দেশের প্রান্তিক মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। করোনা মহামারি, হঠাৎ বন্যা বা চরম শীতের মতো প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে অবস্থান সত্ত্বেও তিনি সার্বক্ষণিক দিকনির্দেশনা ও ত্রাণ সহায়তা সুনিশ্চিত করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও সংগঠনটি তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে অনলাইন সায়েন্স এক্সিবিশন পরিচালনা করেছে। এছাড়া দুর্ঘটনায় পঙ্গু ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে অসংখ্য মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ সারির নেতৃবৃন্দ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ড. মোর্শেদ হাসান খানসহ প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।