ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

যুবদলের বিভিন্ন জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬
যুবদলের বিভিন্ন জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব
যুবদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই নতুন কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। মাঠ পর্যায়ের চলমান রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘোষিত এই আংশিক কমিটিগুলোর শীর্ষ নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে নিজ নিজ ইউনিটের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

নতুন ঘোষিত কমিটিগুলোর মধ্যে খুলনা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ নাদিমুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা তুহিন। সিলেট জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বে বড় রদবদল এনে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি পদে কয়েস আহমদ, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুল বাশার হাবিব দায়িত্ব পেয়েছেন। সিলেট মহানগর যুবদলেও নতুন পাঁচজন শীর্ষ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন সভাপতি হিসেবে মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন দিনার দায়িত্ব পেয়েছেন।

একই সাথে মুন্সীগঞ্জ জেলা যুবদলের নতুন আংশিক কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বে এসেছেন নতুন সভাপতি বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক নজরুল। এছাড়া কুষ্টিয়া জেলা যুবদলেরও একটি নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে এবং মাঠ পর্যায়ের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত এই কমিটিগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!