ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

৭ ইসলামি দলের সঙ্গে হেফাজত আমিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ ইসলামি দলের সঙ্গে হেফাজত আমিরের বৈঠক
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠক

চট্টগ্রামের ফটিকছড়িতে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠক হয়েছে। বৈঠক শেষে সাত দলের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠক শেষে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সম্মতিতে তৈরি একটি সমন্বিত খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সাত দলের ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাতটি দলের প্রত্যেকটি দল থেকে তিনজন করে প্রতিনিধি থাকবেন।

লিয়াজোঁ কমিটি দলগুলোর মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের মাধ্যমে প্রস্তাবিত ঐক্যের বিষয়ে থাকা মতপার্থক্য নিরসনের চেষ্টা করবে বলে জানান সংশ্লিষ্টরা।

তারা বলেন, লিয়াজোঁ কমিটির আলোচনার পর আগামী ২২ অক্টোবর ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ঐক্যের কাঠামো ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে পরবর্তী আলোচনা হবে।

বৈঠকে অংশ নেওয়া সাতটি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!