সালমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন আমান
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান। তিনি দাবি করেছেন, ঘটনাটির সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং যাচাই-বাছাই ছাড়াই দলটির ওপর দায় চাপানো হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান বলেন, রাজধানীর ইসিবি চত্বরের একটি বিতর্কিত সম্পত্তি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার দাবি, ওই বিরোধে ক্যান্টনমেন্ট থানা এলাকার জামায়াতের এক রোকন সদস্য নাজিমুদ্দিন ভূঁইয়াসহ অন্য একটি পক্ষ জড়িত থাকলেও বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
.png)
তিনি অভিযোগ করেন, স্টুডিও ভাঙচুরের পর সালমান মুক্তাদির লাইভে এসে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এ কারণে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
আমানউল্লাহ আমান সালমান মুক্তাদিরের কাছে জানতে চান, বিতর্কিত ওই সম্পত্তিতে তিনি জেনেশুনে বিনিয়োগ করে স্টুডিও নির্মাণ করেছিলেন কি না। কম ভাড়ায় সুবিধা নেওয়া কিংবা জায়গা দখলের ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তবে স্টুডিও ভাঙচুরের পদ্ধতিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, যে প্রক্রিয়ায় হামলা ও ভাঙচুর হয়েছে, সেটিরও গ্রহণযোগ্যতা নেই।
এদিকে স্টুডিও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদিরের করা অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যে জমি নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের ওই সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আমানউল্লাহ আমান আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা সালমান মুক্তাদির যদি নিজের বক্তব্যের বিষয়ে অবস্থান পরিষ্কার করতে চান, তাহলে তাকে সংবাদ সম্মেলন বা লাইভে এসে বিষয়টি ব্যাখ্যা করতে হবে।
একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সালমান মুক্তাদিরকে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। তা না হলে তার বক্তব্যের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান।