গুণী শিক্ষক সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন
শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের নির্বাচিত ১০০ জন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বিভিন্ন স্তরের শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষকরাও এ তালিকায় ছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন এক যুগের বেশি সময় ধরে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর এবং ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিষয়ে পিএইচডি অর্জন করেন।
শিক্ষকতার পাশাপাশি গবেষণায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে জীববৈচিত্র্য বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী হিসেবেও কাজ করেছেন।
তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৯৩টি এবং এসব গবেষণায় মোট সাইটেশন রয়েছে ৯৮৮টি। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে তিনি একাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ।
বর্তমানে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, একজন শিক্ষক হিসেবে এ স্বীকৃতি তাঁর জন্য আনন্দ ও গর্বের। একই সঙ্গে এ সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের চিন্তাশীল করে তোলা, গবেষণায় উৎসাহিত করা এবং সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাকে তিনি শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন।
এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা ও গবেষণায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি। সম্মাননা পাওয়ায় নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।