ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২২ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ১৭ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২২ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
শহীদ মিনার,জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (admission.juniv.edu) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ৮০০ টাকা, ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি১ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইউনিট ও বিভাগভেদে আবেদনের ন্যূনতম জিপিএ এবং সংশ্লিষ্ট বিষয়ে পৃথক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ জিপিএ বিবেচনা করা হবে। এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০, বি ও সি ইউনিটের ক্ষেত্রে বিভাগভেদে ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ৫০, সি১ ইউনিটে ৬ দশমিক ৫০, ডি ইউনিটে ৮ এবং ই ও আইবিএ-জেইউ ইউনিটে বিভাগভেদে ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষায় পৃথক ন্যূনতম জিপিএর শর্তও রয়েছে।

ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময়সূচি ও সিটপ্ল্যান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১২৫ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২০ নম্বর কাটা যাবে। সব ইউনিটে পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। ওএমআর ফরম পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে মাধ্যমিক বা সমমান পরীক্ষার জিপিএর ০.৭৫ গুণ এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার জিপিএর ১.২৫ গুণ যোগ করা হবে। অর্থাৎ, এসএসসি ও এইচএসসির ফলাফলের জন্য মোট ১০ নম্বর এবং ভর্তি পরীক্ষার জন্য ৯০ নম্বর নির্ধারিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৫ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তবে কোনো সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

আবেদনকারীদের অনলাইনে নিজস্ব প্রোফাইলে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। একজন আবেদনকারী একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, ইউনিটভিত্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক শর্ত ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদন, পেমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র সংক্রান্ত প্রয়োজনে ০১৩৪৮৩০৭০২৮, ০১৩৪৮৩০৭০২৯, ০১৩৪৮৩০৭০৩১ ও ০১৩৪৮৩০৭০৩২ নম্বরে যোগাযোগ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!