ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাসের ধাক্কায় প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থী সাগরের মা-বাবার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সাগর রায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাঁর মা-বাবা নিহত হন।
নিহতরা হলেন স্বপন কুমার রায় ও তাঁর স্ত্রী হান্না সরকার। তাঁরা সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় স্বপন কুমার রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্ঘটনাটি ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।
নিহত দম্পতির স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তাঁর শ্বশুর এবং হান্না সরকার শাশুড়ি। তাঁরা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শকও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে শোকের মধ্যে রয়েছেন নোবিপ্রবি শিক্ষার্থী সাগর রায়। তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।