ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান পাঁচদিনের রিমান্ডে
অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
দুই সহযোগী হলেন- রোমান ও আখতারুজ্জামান।
.png)
এর আগে গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান। এরপর বিচারক রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন।
গুলশান থানায় মাদক আইনে দায়ের করা অন্য মামলায় ৪ দিনের রিমান্ড শেষে তাদের মঙ্গলবার আদালতে নেয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ আদেশ দেন। গত ৩ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম চারদিনের রিমান্ড মঞ্জুর করছিলেন।
এছাড়া র্যাবের অভিযানে বাসা থেকে হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা বলে জানিয়েছে র্যাব।