সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ঐ বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয়।
খবরটি ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয় এবং রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
.png)
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিক পক্ষ এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
এর আগে, নভেম্বর মাসে রাইদা বাস থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয় এবং হাফভাড়া দিতে চাওয়ায় ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এর রেষ না কাটতেই এবার একই কলেজের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো।