অবৈধ দখলদারদের কোনো নোটিশ নয়: মেয়র আতিক
অবৈধ দখলদারদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, যারা অবৈধভাবে জায়গা দখল করেছেন, তারা ঠিকই জানেন যে, তারা অবৈধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বৈধ নোটিশ দেব না। যে যত বড়ই ক্ষমতাবান হোক, তারা কেউ অবৈধভাবে কোনো কিছু দখলে রাখতে পারবেন না। আমরা অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

.png)
রোববার সাড়ে ১১টার দিকে রাজধানীর বসিলা এলাকায় লাউতলা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
আরো পড়ুন: বিয়ের বর প্রস্তুত, হঠাৎ বাবার মৃত্যু শোকে মারা গেলেন ছেলেও
অভিযানের শুরুতে খালের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণাধীন একটি মার্কেটের দোকান প্রথমে ভেঙে ফেলা হয়। দিনব্যাপী এই অভিযান পরিচালিত হবে।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার দায়িত্বে থাকা সব নালা ও খাল দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ঢাকা মহানগরীতে প্রধান ড্রেন লাইনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। আর শাখা লাইনগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত ছিল।
আরো পড়ুন: আমি আত্মহত্যা না করে বিয়ে করেছিলাম: সুবাহ
এদিকে দায়িত্ব পাওয়ার পর প্রথম ১১ মাসে ডিএনসিসির আওতায় থাকা খালগুলো থেকে ৭৯ হাজার টনের বেশি ক্ষতিকর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডিএনসিসি খাল উদ্ধার করে পানি প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি খালের রূপ বদলে দিতে নানা উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী কাজ করছে সংস্থাটি। সাগুফতা খাল, রামচন্দ্রপুর খাল, ইব্রাহিমপুর খাল, গোদাগারি খাল, রূপনগর খালসহ ১৪টি খাল থেকে বর্জ্য অপসারণে বেশ কিছু কাজ করেছে ডিএনসিসি। চারটি নদীর সঙ্গে এ খালগুলোর সংযোগ স্থাপন করতে চায় ডিএনসিসি।