ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা: মেয়র আতিক

ডিএনসিসিতে মশক নিধনে বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ২৩ ডিসেম্বর ২০২১
দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে ছয় দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে। এতে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর রূপনগর এলাকায় কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে ছয় দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। তবে শুক্রবার ও শনিবার এ অভিযান বন্ধ থাকবে।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, হই যদি আমরা সচেতন, মশামুক্ত হবে উত্তর সিটি কর্পোরেশন। কারণ কার‌ও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘর-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

তিনি বলেন, ক্ষমতাকে ভোগ করার জন্য নয়, নগরপিতা হিসেবেও নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করে যেতে চাই। তাই স্থানীয় কাউন্সিলরসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকেও নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

স্থানীয় কাউন্সিলরের দাবির পরিপ্রেক্ষিতে ডিএনসিসি মেয়র বলেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক নির্ধারিত জায়গাতেই কমিউনিটি সেন্টার, পার্ক ও খেলার মাঠ করা হবে। এর কোনো ব্যত্যয় সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, অপরিকল্পিত ঢাকাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টলোকের কবল থেকে মুক্ত করে বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

মেয়র আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা শেষে কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!