শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, যেকোনো সময় গ্রেফতার হতে পারেন মেয়র
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।
মামলার তথ্য নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ ওসি মুহাম্মদ মহব্বত কবীর। তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।
.png)
জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। সকাল থেকে ওই মাঠের শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল। দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করতে থাকেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে থাপ্পড় মারেন মেয়র। এ ঘটনায় অনুষ্ঠানটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে অন্যজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তালিকা অনুযায়ী অনুষ্ঠান পরিচলনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রথমে গালিগালাজ করে। পরে এক পর্যায়ে প্রকাশ্যে আমাকে থাপ্পড় মারেন।
মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মাইকে পৌরসভার নাম দেরিতে ঘোষণা করায় তার ওপর চড়াও হই। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা না করে অপমান করেছে। তাকে গালিগালাজ করেছি। তার গাঁয়ে হাত দেওয়ার বিষয়টি মিথ্যা। তার সঙ্গে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।