রাজধানীতে ৬৫ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- মো. রুবেল (২৬) ও মো. রানা। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, বুধবার রাত ১টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মো. রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
.png)
একই রাতে পৃথক দল যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযানে ১৩ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের ৪৫ কেজি গাঁজাসহ মো. রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুজনই পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।