রাজধানীতে কিস্তির টাকার চাপে নারীর আত্মহত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় কিস্তির টাকার চাপে ডলি আক্তার (৩৮) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে অচেতন অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ডলি আক্তারের স্বামী মিজানুর ইসলাম মিঠু বলেন, আমাকে জামিনদার রেখে আল-ফালাহ কো-অপারেটিভ সোসাইটি থেকে ৩ লাখ টাকা লোন নেয় আমার শ্বশুর। তিনি সেই লোন পরিশোধ করতে না পারায় কিস্তির জন্য প্রতিষ্ঠানটির লোকজন আমাকে চাপ দিতে থাকে। কিস্তির নেয়ার জন্য বারবার আমার বাড়িতে কোঅপারেটিভ সোসাইটির লোকজন আসত।
.png)
আর সেই অভিমানে আমার স্ত্রী সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমার সংসার তো শেষ, ছেলে দুইটা এতিম হয়ে গেল। আমরা রায়েরবাগ এলাকার ৭২/৫ সেলিম সাহেবের বাড়ির নিচতলায় ভাড়া থাকি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।