ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৬৫ লাখ টাকার সোনার বার ও অলংকার উদ্ধার, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ২২ আগস্ট ২০২২
শাহজালালে ৬৫ লাখ টাকার সোনার বার ও অলংকার উদ্ধার, যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি সোনার বার এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোহাম্মদ নিজাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মো. আবদুস সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ নিজাম নামে ঐ যাত্রী কাতারের দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোববার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেনটিভ কর্মকর্তারা ৭ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় তার পথ রোধ করেন। ঐ সময় তার কাছে কোনো সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার শরীর ও লাগেজ স্ক্যানিং করে সোনা পাওয়া যায়। এছাড়া ঐ যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগেও সোনার অস্তিত্ব মেলে। এরপর তাকে কাস্টমস গ্রিন চ্যানেলে নিয়ে সব সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে সাতটি সোনার বার এবং ৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়।

Advertisement

আবদুস সাদেক আরো জানান, উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃত যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। সোনা এবং যাত্রীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!