রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন এবং ট্রেনে কাটা পড়ে আরেকজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় শরিফ খান (৩৮) এবং বুধবার রাতে রাজধানীর দক্ষিণখানের জামতলা কাঁচা বাজার রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সানি মৃধা (২০) নিহত হন।
নিহত শরিফ পেশায় একজন মোটরসাইকেল চালক। তিনি মুন্সিগঞ্জের ইউনুস খানের ছেলে। বর্তমানে তিনি ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।
এছাড়া নিহত সানি পটুয়াখালী জেলার সদর থানার মৃত আব্দুস সালামের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সানি দ্বিতীয়। পরিবারের সঙ্গে তিনি দক্ষিণখানের জামতলা বাজার এলাকায় থাকতেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শরিফ মোটরসাইকেল চালিয়ে সদরঘাটে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট ফুটওভার ব্রিজের নিচে একটি মুরগি ভর্তি পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় শরিফকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সানির মরদেহ হস্থান্তর করেছে।