ঘুমের ওষুধ খেয়ে ও শরীরে কেরোসিন ঢেলে মা-ছেলে-মেয়ের আত্মহত্যার চেষ্টা
জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে ঘুমের ওষুধ খেয়ে ও শরীরে কেরোসিন ঢেলে একই পরিবারের তিনজন অত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ বলেন, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বরফা এলাকায়। জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে শরীরে কেরোসিন ঢালেন শিরিনা খান, তার মেয়ে শারমিন খান ও ছেলে জহির খান (১০)। তবে শরীরে আগুন দেওয়ার আগেই তাদের রক্ষা করে স্থানীয়রা।
তিনি বলেন, আরেকটি তথ্য জেনেছি। ঐ তিনজন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি থেকে প্রেসক্লাবের দিকে রওনা দেন। সম্ভবত অজ্ঞান হয়ে পড়ার চিন্তায় তারা ওষুধ খেয়েছেন। প্রেসক্লাব থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তিনজনকেই ওয়াশ করা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।
.png)
আত্মহত্যার চেষ্টা করা শিরিন খান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বরফা এলাকায় ৮ বছর আগে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন। কিন্তু, স্থানীয় প্রভাবশালী হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছে। হান্নান তার নামে মামলা করেছে এবং হুমকি-ধমকি দিচ্ছে। দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।
তিনি আরো বলেন, আমার স্বামী অসুস্থ। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু, হান্নানের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে ও জমির দলিল দিয়ে দিতে বলছে। দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি।