অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, সিএনজি চালকের বুদ্ধিতে রক্ষা
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মিজানুর রহমান নামে এক কাপড় ব্যবসায়ী। তবে তার কাছ থেকে কিছু নিতে পারেনি চক্রটির সদস্য। সিএনজি চালকের বুদ্ধিমত্তায় ঐ ব্যবসায়ীর টাকা-মোবাইলসহ সবকিছু রক্ষা পেয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজি চালক মো. মিজান মোল্লা জানান, ঐ ব্যবসায়ী বঙ্গবাজার যাবেন বলে বিমানবন্দর এলাকা থেকে তার অটোরিকশায় ওঠেন। তার সঙ্গে আরো ২-৩ জন ছিলেন। কিন্তু ঐ ব্যক্তি বলেন তিনি একা, সঙ্গে যারা আছে তারা পরিচিত না। তখন তাকে ওঠানোর পর অজ্ঞাতরাও উঠতে চায়। বিষয়টি সন্দেহ হলে অটোচালক তাদের না উঠিয়ে ঐ ব্যক্তিকে সেখান থেকে নিয়ে আসেন। বঙ্গবাজার এলাকায় পৌঁছালে তখনও তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর ওই ব্যক্তির পকেট থেকে তিন বান্ডিলে ১ লাখ ২৪ হাজার টাকা এবং মোবাইল ফোন পাওয়া যায়।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঐ ব্যক্তির পকেটে ১ লাখ ২৪ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। স্টোমাক ওয়াশ করানোর পর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।