রাজধানীতে ঝরলো স্বস্তির বৃষ্টি
সারাদেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসই সত্য হয়েছে। রাজধানীসহ দেশের অনেক জায়গায় বিকেল থেকেই আকাশ মেঘলা হয়ে যায়। তীব্র দাবদাহের পর সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় স্বস্তির বৃষ্টি।
রাজধানী ঢাকায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অঝোর ধারায় নামে বৃষ্টি। এতে অফিস ফেরত কর্মজীবী মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। নগরীর বেশ কয়েক জায়গায় গাড়ির জটলাও দেখা গেছে।
এদিন সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতও শুরু হয়েছে
.png)
এর আগে, মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশের ৮ জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের এ প্রবণতা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে, খুলনা বিভাগসহ মাদারীপুর ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা মঙ্গলবার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।