জানা গেছে, প্রস্তুতির শেষ পর্যায়ে এখন শুধু হাসিল ঘর আর প্রধান ফটক নির্মাণের কাজ চলেছে। ঢাকা মহানগরে এবার মোট ১৭টি অস্থায়ী এবং ২টি স্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে দুই সিটি কর্পোরেশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, ঈদের দিনসহ পাঁচদিনব্যাপী কোরবানির পশুর হাট বসবে ঢাকা উত্তর সিটি এলাকায়। এর মধ্যে গাবতলীর স্থায়ী পশুর হাট ছাড়াও আরো নয়টি অস্থায়ী হাট নির্দিষ্ট করা হয়েছে।
.png)
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসির অস্থায়ী ৮টি কোরবানির পশুর হাটের আয়োজন এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে আরো একটি হাট চূড়ান্ত হবে। নয়টি অস্থায়ী হাট এবং গাবতলী স্থায়ী হাট; মোট ১০টি হাটের বাইরে আর কোনো হাট ডিএনসিসি এলাকায় থাকবে না।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে হাজারীবাগ, পোস্তগোলা, মেরাদিয়া, দনিয়া, ধোলাইখাল, রহমতগঞ্জ ও আমুলিয়া এলাকা থেকে কেনা যাবে কোরবানির পশু। তবে পুরান ঢাকার নয়াবাজারে এবার বসছে না কোনো পশুর হাট।
নির্ধারিত সময়ের আগে হাট না বসানোসহ বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুই সিটি মেয়র। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।
এর আগে, গত বছর গাবতলী ও সারুলিয়া ছাড়াও রাজধানীজুড়ে মোট ২১ টি স্থানে অস্থায়ী পশুরহাট হাট বসানো হয়েছিল।