শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ বিকেলেও মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বিকেল মুষলধারে বৃষ্টি হওয়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে।
তিনি আরো জানান, আগামীকালও বৃষ্টিপাত হবে। তবে রোববার থেকে বৃষ্টি কমে আসতে পারে।
.png)
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এছাড়া নিকলীতে ১০৯, মোংলায় ৯৮, ভোলায় ৬২, ঈশ্বরদীতে ৫৮, খেপুপাড়ায় ৫১, তেঁতুলিয়ায় ৫০, দিনাজপুরে ৪৭, শ্রীমঙ্গলে ৪৫, নেত্রকোণায় ৩৯, তাড়াশে ৩৮, ঢাকায় ৩৬, সিলেটে ৩৫, পটুয়াখালীতে ৩২, মাদারীপুরে ৩১, মাইজদী কোর্ট ও রাঙামাটিতে ২৯, চাঁদপুর ২৬, চুয়াডাঙ্গায় ২২, হাতিয়া ও খুলনায় ২০, টাঙ্গাইল ১৮, ফরিদপুর ১৭, ময়মনসিংহ ও বরিশালে ১৪, গোপালগঞ্জ ১৩, এবং ডিমলা ও সাতক্ষীরা ১১, কুমিল্লা ১০, রংপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রাজশাহীতেও সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।