গ্রেফতারকৃতরা হলেন- রবিন খন্দকার এবং শান্ত কালু। এ চক্রের আরো দুই হোতাসহ চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
শনিবার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সিরাজগঞ্জের একজন গৃহবধূ আইরিন খাতুন গ্রামের এক ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান। সেখানে তার পরিচয় হয় রাকিব এবং শিপনের সঙ্গে। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন।
.png)
তিনি আরো বলেন, ভুক্তভোগী নারীকে রাকিব বলেন- বয়স কম হওয়ায় তিনি কাতার যেতে পারবেন না। এছাড়া তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলে তিনি ভুক্তভোগীকে ভয় দেখান এবং দেড় লাখ টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন শিপন। তাদের প্রস্তাবে রাজি হয়ে আইরিন খাতুন রাকিব এবং শিপনকে কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন।
এপিবিএনের এ কর্মকর্তা বলেন, আইরিনকে বারবার ফ্লাইটের তারিখ দিচ্ছিলেন অভিযুক্তরা। বিমানবন্দর কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ জুন ও ১৪ জুন বিমানবন্দর আসতে বলে গা ঢাকা দেন। আইরিন বারবার ফোন করলেও তারা বিমানবন্দরে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নেই বলে তাকে ফিরে যেতে বলেন। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে অভিযোগ করেন আইরিন।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারে নামে এপিবিএন। এ সময় আইরিনের মাধ্যমে রাকিব এবং শিপনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তারা আইরিনকে ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। আইরিনকে ৩০ জুন বিমানবন্দরে এসে তার পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব।
তিনি বলেন, রাকিব ও শিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা আইরিনের সঙ্গে দেখা না করে তাদের চক্রের আরো দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আইরিনের কাছ থেকে আরো ৩০ হাজার টাকা আদায় করতে বলেন। এ টাকা নেয়ার উদ্দেশ্যেই আসামি রবিন খন্দকার এবং শান্ত কালু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সঙ্গে দেখা করেন। এ সময় তারা আইরিনকে পাসপোর্ট এবং ভুয়া টিকিট-ভিসা বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলে সাদা পোশাকধারী এপিবিএন সদস্যরা তাদের গ্রেফতার করেন।
এ ঘটনায় রবিন, শান্ত, রাকিব, সিপনকে আসামি করে ভুক্তভোগী নারী বিমানবন্দর থানায় মামলা করেছেন বলেও জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।