ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নবাবগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জনকে গণপিটুনি, নিহত ১

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২২ জুলাই ২০২৩
নবাবগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জনকে গণপিটুনি, নিহত ১
সংগৃহীত ছবি

ঢাকার নবাবগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনির অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় রিয়াজুল ওরফে রিজু (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার ভোরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চকখানেপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল আলম।

তিনি বলেন, এলাকাবাসী ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দেন। এতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার এবং আহত দুজনকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement

নিহত রিজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগা গ্রামের পাচু মণ্ডলের ছেলে। আহতরা হলেন- নগরকান্দার উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে কোরবান (৫৫) এবং একই জেলার চরভদ্রাসন উপজেলার চরমজুদা গ্রামের শেখ আনছার আলীর ছেলে হাসান (২৭)। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার অজয় সিদ্ধার বাড়িতে একদল লোক ঘরের তালা কাটার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাড়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও কোরবান নামের একজনকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে ভোরে রিজু ও হাসান তার সঙ্গী কোরবানকে দেখতে এলে তাদেরও গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই রিজু মারা যান। খবর পেয়ে পুলিশ আহত কোরবান ও হাসানকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!