ডাকাত দল ঐ শিক্ষকের ঘরে হানা দিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী মোমেনা হক বলেন, বৃহস্পতিবার বরিশালে অবস্থান করছিলেন আমার স্বামী। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে জানালার গ্রিল ভেঙে মুখোশধারী সাত থেকে আটজনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা ঘরের সবার হাত এবং চোখ বেঁধে একটি রুমে আবদ্ধ করে রাখেন। এরপর ডাকাত দলের সদস্যরা ঘরের আলমারির চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে মারধর করে। এরপরও চাবি না দিলে তারা নিজেরাই চাবি খুঁজে বের করে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়।
.png)
ডাকাতির খবর পেয়ে বরিশাল থেকে বাসায় ফেরেন শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতি বা অন্য কোনো ঘটনা কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, এর আগে গত দেড় মাসে লালমোহনের কালমা ইউনিয়নে আরো পাঁচটি ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাত চক্রের টার্গেট বিত্তশীল ও প্রবাসী পরিবার। তারা বসতঘরে হানা দিয়ে নিয়ে যায় স্বর্ণ ও নগদ টাকা।
এসব ডাকাতির বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, এর আগে একটি ডাকাতির ঘটনায় মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায়ও মামলা নেয়া হবে। পুলিশ আসামি গ্রেফতারসহ ঘটনা অনুসন্ধানে চেষ্টা অব্যাহত রেখেছে।