‘বড় ভাই ডাকছেন’ বলে পথচারীকে অন্ধকারে নিয়ে ছিনতাই
প্রথমে একজন পথচারীকে টার্গেট করতো চার ছিনতাইকারীর একটি চক্র। তাদের মধ্যে তিনজন অন্ধকারে নির্দিষ্ট স্থানে দাঁড়াতো। একজন টার্গেট করা পথচারীকে ডেকে বলতো আপনাকে ‘বড় ভাই’ ডাকছেন। এরপর পথচারী সেই কথিত ‘বড় ভাই’র কাছে গেলেই ছুরির মুখে তারা সবকিছু ছিনিয়ে নিতো।
শনিবার এ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. অরিন, জামাল উদ্দিন সাগর, রনি ও ইব্রাহিম প্রকাশ ইমন।
.png)
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত ৪ জন চিহ্নিত ছিনতাইকারী। অরিন তাদের দলনেতা। অরিনের বিরুদ্ধে চারটি এবং সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।
তিনি আরো বলেন, এই ছিনতাইকারীরা টার্গেট করা পথচারীকে দাঁড় করিয়ে বলতো ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারীও কথিত ‘বড় ভাই’র কাছে চলে যেতেন। পরে অন্ধকারে ছুরির মুখে পথচারীর সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো তারা।
শনিবারও ছিনতাইয়ের জন্য কাজীপাড়ায় অপেক্ষা করছিল গ্রেফতারকৃত ছিনতাইকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।