ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে পিকআপ ছিনতাই, গ্রেফতার ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ২৭ অক্টোবর ২০২৩
চালককে জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে পিকআপ ছিনতাই, গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে টাইলসবোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা উত্তর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান। এর আগে, বুধবার ঢাকা মহানগর, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে কাউসার, একই থানার খেজুরবাগ এলাকার মৃত দুলালের ছেলে রফিকুল ইসলাম ফয়সাল, লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মিরাজুল ইসলাম সুমন ও হেমায়েতপুরের মোল্লা বাড়ি এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মেহেদী হাসান মৃধা।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর রাতে গাবতলীর মাজার রোড থেকে রংপুরের উদ্দেশ্যে পিকআপ নিয়ে যান শাহিদুল ইসলাম। রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি ফার্মের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা এসে গতিরোধ করে। এরপর অজ্ঞাত চার ব্যক্তি পিকআপটিতে ওঠে অস্ত্রের ভয় দেখিয়ে চালকের হাত-পা বেঁধে ফেলে।

পরে বিশমাইল এলাকায় একটি জঙ্গলের ভেতর গাছের সঙ্গে বেঁধে পিকআপটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহিদুল ইসলাম আশুলিয়া থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে অভিযানে নামে ডিবি পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর, কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে টাইলসসহ পিকআপটি উদ্ধার করা হয়।

ঢাকা উত্তর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সহযোগিতায় পিকআপসহ মহাসড়কে বিভিন্ন ছিনতাই করে আসছিল। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!