ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলের আদলে সাজানো হবে সুতিভোলা খাল: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ১৩ ডিসেম্বর ২০২৩
হাতিরঝিলের আদলে সাজানো হবে সুতিভোলা খাল: মেয়র আতিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুতিভোলা খাল হয়ে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালুর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে নান্দনিকভাবে সাজানো হবে। সুতিভোলা খালের পাড় বাধানো হবে। সবুজায়ন, আধুনিক ওয়াকওয়ে ও সাইকেল লেন নির্মাণ করা হবে।

বুধবার রাজধানীর সাতারকুল এলাকার সুতিভোলা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, ৪০ বছর পর নৌকায় চড়ে সুতিভোলা খাল পার হয়েছি। ৪০ বছর আগে এ ঐতিহ্যবাহী খালে নিয়মিত নৌকা চলতো। মানুষ এ খাল দিয়েই কারওয়ান বাজার থেকে মালামাল নিয়ে যেত। আজ বহু বছর পর আমি আবার সুতিভোলা খালে নৌকায় চড়লাম। এটা ইতিহাস হয়ে থাকবে।

Advertisement

তিনি আরো বলেন, আশপাশের মানুষ ময়লা ফেলে খালটিকে নোংরা করেছে। খালের পাড় দখল হয়ে বাড়ি উঠে গেছে। আবার খালের ভেতর বাঁশ দিয়ে বেড়া তৈরি করে মাছ চাষ করছে। এগুলো কারা করছে? এভাবে খাল দখল করে যা খুশি তাই করা যাবে না। অনতিবিলম্বে এগুলো সরিয়ে নিতে নির্দেশ দিচ্ছি। নিজেরা না সরালে ম্যাজিস্ট্রেট কঠোর ব্যবস্থা নেবেন।

ডিএনসিসি মেয়র বলেন, উন্নত দেশগুলোতে বাড়ির সামনে খাল বা লেক থাকে। আমাদের এখানে খালগুলো ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হয়। এজন্যই একের পর এক খাল দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া হবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা অনুযায়ী সুতিভোলা খাল থেকে বালু নদী পর্যন্ত নৌপথ চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!