রাজধানী ছাড়ছেন মানুষ, কমলাপুরে ট্রেনে উপচেপড়া ভিড়
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়ছেন নানান শ্রেণিপেশার মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের চাপ পথে পথে। ঈদকে কেন্দ্র করে সড়কপথে যানজটের আশঙ্কা থাকায় অনেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার জন্য ট্রেনকে বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত যাত্রীর চাপে অধিকাংশ ট্রেনের ভেতর ছিল ঠাসাঠাসি অবস্থা। অনেক যাত্রী ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদেও উঠতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকাজুড়ে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে ছিল মানুষের ঢল, যেন তিল ধারণের ঠাঁই নেই।
এক যাত্রী জানান, ঈদ উপলক্ষে ছুটি শুরু হওয়ায় আজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনলাইনে আগে টিকিট কাটতে না পারায় স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছেন। কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে ট্রেনের ভেতরে জায়গা পাননি। ফলে নির্ধারিত পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠতে হয়েছে।
.png)
এদিকে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিন ধাপে টিকিট যাচাইয়ের পর যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন না কেউ।
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব জানান, যাত্রীদের সুবিধার্থে স্টেশনে বেশ কয়েকটি কাউন্টার খোলা রাখা হয়েছে, যেন ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও যাত্রীরা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারেন। মোট বিক্রি হওয়া টিকিটের প্রায় ২৫ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এসব টিকিটে আসন না থাকলেও যাত্রীরা দাঁড়িয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।