ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ২৪ অক্টোবর ২০২৬
গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান (অভি) জানান, ভোরে মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশ সদস্যরা বিষয়টি তাঁদের জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!