ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ সংযোগ ]

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মুজিবুর রহমান

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ১২ নভেম্বর ২০২৬
বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মুজিবুর রহমান
বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মুজিবুর রহমান

বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরবেন নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মুজিবুর রহমান।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-কে সামনে রেখে তিনি বিশেষভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের সংকট, অভিযোজনের প্রয়োজন এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলো তুলে ধরার ওপর গুরুত্ব দিচ্ছেন।

দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা এম মুজিবুর রহমান মনে করেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা আরও বেশি গুরুত্ব পাওয়া প্রয়োজন।

তিনি বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর ভয়াবহ পরিণতি তাদেরই বহন করতে হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও জীবিকার অনিশ্চয়তা উপকূলের মানুষের জীবনকে ক্রমেই কঠিন করে তুলছে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব শিশুদের ওপরও দীর্ঘমেয়াদি চাপ তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, “দুর্যোগের কারণে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, স্বাস্থ্য ও পুষ্টি ঝুঁকির মুখে পড়ছে।

পরিবার বিপদাপন্ন হলে শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকিও বাড়ে। তাই জলবায়ু অভিযোজনের আলোচনায় শিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎকে আলাদা গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশগত সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে মানুষের জীবিকা, খাদ্য ও পানির নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা সরাসরি যুক্ত হয়ে গেছে।

জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে এম মুজিবুর রহমান বলেন, “যেসব দেশ ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদের ন্যায্য দায় নিতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ।”

তিনি মনে করেন, জলবায়ু অর্থায়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন উদ্যোগকে আরও শক্তিশালী করা প্রয়োজন। স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নেওয়া উদ্যোগ অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত ও টেকসই সমাধান দিতে পারে।

কপ-৩১-এর আলোচনায় তিনি বিশেষভাবে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন এবং শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো সামনে আনবেন।

এম মুজিবুর রহমান বলেন, “উপকূলের মানুষের কণ্ঠস্বর শুধু দুর্যোগের সময় নয়, জলবায়ু নীতি ও অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণের সময়ও শোনা প্রয়োজন। তাদের বাস্তব অভিজ্ঞতাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ করা জরুরি।”

 

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!