রামেক হাসপাতালে আরো ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করাতে পরামর্শ দেওয়া হয়েছে।
.png)
রামেক পরিচালক আরো জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৩ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৯ জন।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে, মঙ্গলবার রামেক হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে সোমবার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের পজিটিভ আসে। রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে এদিন রাজশাহীর ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এতে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫২ দশমিক ২৬ শতাংশ।