বগুড়ায় করোনায় প্রাণ গেল কিশোরের, শনাক্ত ৮৮
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরাফাত রহমান নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরাফাত বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
একই সময়ে ২৭৫টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫ শতাংশ।
মঙ্গলবার বেলা পৌনে ১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
.png)
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০২ জনে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এ তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৯, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া গতকালের (সোমবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৭৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১২৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ২৩ বছর বয়সী সানজিদা নামে এক নারীর মৃত্যু হয়। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন।