ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

যশোরে করোনা উপসর্গে ছয়জনের মৃত্যু 

যশোর প্রতিনিধি   
প্রকাশিত: ২১:১৪, ১ ফেব্রুয়ারি ২০২২
যশোরে করোনা উপসর্গে ছয়জনের মৃত্যু 
করোনাভাইরাস: প্রতীকী ছবি

যশোরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় ধাপের ঢেউয়ে এটি জেলায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৩০ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। জেলায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৬৭৬ জন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত যশোর সদর হাসপাতালের রেডজোনে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনেও দুইজন মারাগেছেন। আর করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আরো দুইজন মারা গেছেন। 

মৃতদের সবাই বয়স ৬২ থেকে ৭২ বছরের মধ্যে। তারা হলেন, যশোর শহরের রেলগেট এলাকার হায়দার আলী (৬৫), সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আবুল হোসেন (৭২), বাঘারপাড়া উপজেলার খলসী গ্রামের শাহিদা বেগম (৭০), ঝিকরগাছা উপজেলার বহিরামপুর গ্রামের রমজান (৭১), মণিরামপুর উপজেলার ওহাব গাজী (৬২) এবং কেশবপুর উপজেলার বাবর আলী (৬৫)। 

Advertisement

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ আরো জানান, রেডজোনে মারা যাওয়া ওহাব গাজী দুই ডোজ এবং রমজান এক ডোজ করে করোনার টিকা নিয়েছিলেন। বর্তমানে হাসপাতালের রেডজোনে ১২ জন এবং ইয়োলোজোনে ২০ জন চিকিৎসাধীন। 

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩২১টি নমুনা পরীক্ষা করে ১৩০টিতে করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০৬টিতে ৮৫ এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১১৫টিতে ৪৫টি নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে যশোর সদরে ১০৪, ঝিকরগাছায় ১২, চৌগাছায় ৫, মণিরামপুরে ৪, কেশবপুরে ৩ ও শার্শায় ২ জন রয়েছেন। 

ডা. মো. রেহেনেওয়াজ আরো জানান, জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন। আর মারা গেছেন ৫২০ জন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: করোনা যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!