রামেকে একদিনে আরো তিনজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দুই রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
.png)
এর মধ্যে দুজন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। অন্যজন মারা গেছেন ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। এ তিনজনের মধ্যে দুজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
এদিকে, রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরো ৪৪টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। ১০৪ থেকে বেড়ে এ ইউনিটের শয্যা এখন ১৪৬টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৬৩ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
এদিকে, মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এ ল্যাবে রাজশাহী জেলার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৫ জনের। করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৪০ শতাংশ।