রাতে কথা বলতে বলতে বেরিয়ে গেল, সকালে ধানক্ষেতে লাশ
জামালপুরের সরিষাবাড়ীতে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে উপজেলার মহাদান ইউপির ঝিঙ্গারভিটা উচ্চ গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের শরীর ও মাথাতেও ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান।
সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল কালাম মহাদান ইউপির ঝিঙ্গারভিটা উচ্চ গ্রামের মাজল চৌকিদারের ছেলে।
.png)
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে বাড়ির পাশে ধানক্ষেতে তার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
মহাদান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, বড় ধরনের কোনো ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য এই মর্মান্তিক হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান জানিয়েছেন, শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। গলার বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
ডেইলি বাংলাদেশ/জেএইচ