ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুলাভাই পরিচয়েও রক্ষা হলো না কনের বাবার 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৭ মার্চ ২০২০
দুলাভাই পরিচয়েও রক্ষা হলো না কনের বাবার 
ছবি : ডেইলি বাংলাদেশ

ঠিক দুপুর বেলা। বাড়িতে চলছে কনের বিয়ের গোসল। চলছে বিয়ের গীতের সঙ্গে কাঁদা খেইড় আরো কত কিছু। বর পক্ষ এসে গেলেই হবে বিয়ে। তাই ব্যস্ততার সঙ্গে সব কাজ শেষে একপর্যায়ে কনেকে প্রস্ততও করা হলো। হঠাৎ সেখানে হাজির হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। সঙ্গে সঙ্গে পাল্টে গেল বিয়েবাড়ির চিত্র। অবস্থা বেগতিক দেখেই বিয়ের আসন থেকে নেমে বাড়ির পেছন দিয়ে সটকে পড়েন বর ও বরযাত্রীরা। 

তবে কনের বাবার পড়ে গেলেন বিপদে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ডাকে সামনে গিয়ে কোনো রকমে রেহাই পেতে কনের বাবা নিজেকে প্রথমে কনের দুলাভাই পরিচয় দিলেও শেষ রক্ষা হয়নি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ওই বাল্যবিয়ে বন্ধ করেন। 

শুক্রবার দুপুরে ঝিনাইদহ কালীগঞ্জের দয়াপুর গ্রামে। মেয়ের বয়স না হলেও মামা বাড়িতে এনে বিয়ে দেয়া হচ্ছিল। 

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, ঝিনাইদহ ডিসি সরোজ কুমার নাথের মাধ্যমে একটি বাল্যবিয়ে হচ্ছে বলে তিনি একটি খবর পান। এরপর তিনি পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে উপজেলার দয়াপুর গ্রামের আজিজুল হকের বাড়িতে উপস্থিত হন। তিনি দেখতে পান বিয়ের সব প্রস্তুতি চলছে। তিনি বাড়িতে প্রবেশের আগেই ঝামেলা এড়াতে বর ও বরযাত্রীরা বাড়ির পেছন দিয়ে সটকে পড়ে। আর মেয়ের বাবা আরিফ শেখ তার সামনে এসে নিজেকে প্রথমে মেয়ের দুলাভাই বলে পরিচয় দেয়। তিনি সবকিছু যাচাই করে মেয়ের বয়স না হওয়ায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেয়া হয়। মেয়ের বাবাকে গাড়িতে উঠালে সে নিজেকে মেয়ের দুলাভাই বললেও পরে স্বীকার করেন তিনিই মেয়ের বাবা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, মেয়ের বাবার বাড়ি উপজেলার রায়গ্রামে। তাকে একই ইউপির দয়াপুর গ্রামে মামা বাড়িতে এনে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের ইন্তাদুল ইসলামের সঙ্গে বিয়ে দেয়ার প্রস্ততি নিচ্ছিল। বর ও বরপক্ষ পালিয়ে আপাতত রক্ষা পেয়েছে। তবে শেষ রক্ষা হয়নি মেয়ে পক্ষের।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!