টেকনাফে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে উপজেলার হ্নীলা কেরুনতলী সায়েরং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-৩৩ এর বাসিন্দা ছলি মোল্লার ছেলে ফরিদ আলম, একই এলাকার ১২ নম্বর ক্যাম্পের ব্লক এইচ-৪ এর বাসিন্দা আব্দুর রকিমের ছেলে আবু তাহের, হ্নীলা ইউপি জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এ-৪ এর বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে জাফর আলম, একই ক্যাম্পের ব্লক এ-৩ বাসিন্দা দবির আহমেদের ছেলে বশির আহমেদ, ব্লক এ-৩ মো. জসিমের ছেলে মো. জোবায়ের, ব্লক এ-৩ এর আবুল হোসেনের ছেলে নুর কবির, একই ব্লকের দুদু মিয়ার ছেলে আবুল হাসিম।
.png)

র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হ্নীলা ইউপি কেরুনতলী এলাকার সায়েরং ব্রিজের পার্শ্বে খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে তিন হাজার ৫শ’ ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম সাড়ে ১৭ লাখ টাকা। এ সময় তাদের কয়েকজন সহযোগী পশ্চিম পার্শ্বে পাহাড়ের দিকে পালিয়ে যান। উদ্ধার ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।