পিরোজপুরে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. এনায়েত হোসেন মোল্লা নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত এনায়েত মোল্লা পিরোজপুর পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের খানা কুনারিয়া এলাকার আব্দুল খালেক মোল্লার পুত্র।
মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে মো. আল-আমীন মোল্লা বলেন, স্থানীয় মতলেব শেখ অকারণে আমাদের বাড়ির সামনের একটি জমি নিয়ে বিরোধ করে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার স্থানীয় সাবেক কমিশনার মিশু ও সাবেক এক ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে ওই শালিশ-বৈঠক হয়। এ সময় শালিশ-বৈঠকে থাকা লোকজন তাকে (মতলেব শেখ ) আমাদের আর অহেতুক হয়রানি করতে নিষেধ করেন। এতে সেখানে বসে মতলেব শেখ বাবাকে দেখে নেয়ার হুমকি দেন। এর সূত্র ধরে রোববার বিকেলে মতলেব শেখ ও তার শ্বশুড় খলিল মোল্লার নেতৃত্বে ১৩/১৪ জন আমাদের ঘরে ঢুকে প্রথমে আমার বাবাকে এনায়েত মোল্লাকে কোপায়। এ সময় তারা আমার মা আকলিমা বেগম ও বোন খাদিজা বেগমকেও বেদম মারধর করে। ঘরে থাকা মালামাল ও ঘরের বেড়া নষ্ট করে তারা।
এক পর্যায়ে আমার বাবাকে ঘর থেকে বের করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রোববার রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
.png)
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, আল-আমীন মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।