শুক্রবার সকালে রাজধানীর মিরপুর এলাকার ১৮ তলা একটি ভবন থেকে ওই মামলার প্রধান আসামি শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুকে গ্রেফতার করে খুলনা মহানগর ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক জানান, চলতি বছররের ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর শেখ জাকারিয়া আত্মগোপন করে। অনেকদিন চেষ্টার পর জাকারিয়াকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তিনিসহ বাকি দুইজনকে খুলনায় নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা কারা জড়িত ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
.png)
তিনি আরো জানান, এই মামলার এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
১৬ জুলাই রাতে খুলনা মহানগরীর ইস্টার্ন গেটের মশিয়ালী এলাকায় শেখ জাকারিয়া বাহিনীর গুলিতে নিহত হন আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের বারিক শেখের ছেলে মো. নজরুল ইসলাম ও মো. ইউনুস আলীর ছেলে গোলাম রসুল। ওই সময়ে গুলিবিদ্ধ হন মো. সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ কয়েকজন। পরদিন সকালে মারা যান গুলিবিদ্ধ সাইফুল ইসলাম।
এ ঘটনায় খানজাহান আলী থানায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত মো. সাইফুল ইসলামের বাবা মো. শহিদুল ইসলাম।