ধর্ষণ মামলায় ১৬ বছর পর আসামির যাবজ্জীবন
ধর্ষণ মামলায় প্রায় ১৬ বছর পর জালাল উদ্দিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার। তিনি জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি। তার একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। সেই সন্তানের বয়সও বর্তমানে ১৫ বছর।
তিনি জানান, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছে। দীর্ঘ ১৬ বছর পর ফরিয়াদি ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট বাদীপক্ষ।
এছাড়াও ২০০১ সালের আরেকটি ধর্ষণ মামলায় মঙ্গলবার নুরুল হুদা নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোসলেহ্ উদ্দিন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয় আদালত।