আসামিরা হলেন- জেএমবির পাবনা-সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার শামীম ওরফে হামীম, নাঈমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক, সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত।
শনিবার দুপুরে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাগুলো করেন র্যাব-১২-এর ডিএডি আনোয়ারুল ইসলাম।
.png)
ডিএডি আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় জেএমবির বিভাগীয় সভা চলাকালীন বিভাগীয় আমির মাহমুদ ওরফে জুয়েলসহ চার জঙ্গিকে আটক করে র্যাব-৫। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়ি ঘেরাও করে র্যাব-১২। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা র্যাবকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে র্যাবের আহ্বানে সকাল সাড়ে ১০টার দিকে আস্তানা থেকে বেরিয়ে চার জঙ্গি আত্মসমর্পণ করে। ওই সময় আস্তানা থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, গান পাউডার, বিস্ফোরক, স্প্লিন্টার, জিহাদি বই, পতাকা ও জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, র্যাব-১২ এর সদর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে চার জঙ্গিকে থানায় হস্তান্তর করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে চার জঙ্গিকে কারাগারে পাঠানো হয়েছে।