রাজবাড়ীতে ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ভাঙচুর
রাজবাড়ীর পাংশায় মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল নামে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর হাসি বেগম নামে এক প্রসূতি মারা গেছেন।
শুক্রবার বিকেলে এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসির স্বামী আবুল কাশেম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঘিকমলা গ্রামের বাসিন্দা।
.png)
জানা যায়, উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় ইব্রাহিম প্লাজায় মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল অবস্থিত। শুক্রবার সকালে ওই নারী ক্লিনিকে ভর্তি হন। দুপুরে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু এ সময় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। অস্ত্রোপচারের পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিকেলে তিনি মারা যান। এরপর ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়েন। প্রসূতির স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে উপস্থিত হন। তারা ক্লিনিকের অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
পাংশা থানার এসআই হুমায়ন রেজা বলেন, বিকেলে প্রসূতি মারা যান। তবে নবজাতক ভালো আছে। বিক্ষুব্ধ স্বজন ক্লিনিকের অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করেছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন। পরে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।