আটককৃত অপহরণকারীরা হলেন ময়মনসিংহের ভালুকার ভাটগাঁও মধ্যপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আনিছুর রহমান, হাবিজুর রহমানের ছেলে শফিউল আলম ও মল্লিক বাড়ি গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার জয়নাল আবেদীন পার্কের দক্ষিণ পাশের হিমু আড্ডা রেস্টুরেন্ট থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মুক্তিপণ দাবি করা তিন অপহরণকারীকে। সেই সঙ্গে অপহরণ কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি ঘড়ি, ৪টি মোবাইল ফোন ও এক হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
গত সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গড়জরিপা গ্রামের আজগর আলী বোঁচার ছেলে শামসুল হককে বাড়ির পাশ থেকে অপহরণ করে প্রাইভেটকারে ময়মনসিংহ নিয়ে যায় অপহরণকারীরা। পরে বৃদ্ধের স্বজনদের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে বৃদ্ধকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা।
এ ঘটনায় বৃদ্ধের পরিবার পরদিন শ্রীবর্দী থানায় একটি জিডি করেন। যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয় সেই নম্বর ও লোকেশন ট্র্যাকিং করে ওই বৃদ্ধকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।
জামালপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা জানান, উদ্ধারকৃত ওই বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে।