শুক্রবার দুপুরে গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্য যাওয়ার পথে কুষ্টিয়া স্টেশনসঙলগ্ন মিলপাড়া এলাকায় রেলওয়ে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
পাকসী বিভাগীয় রেল ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বলেন, উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান আছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মণ্ডল। রেলওয়ের নিয়মানুযায়ী অন দ্যা স্পট তদন্ত রিপোর্ট নেয়া হবে।
.png)
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারি রেল বোঝাই পুশ ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়। এমনটি কথা ছিল না। এ কারণে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজবাড়ীর দিকে রেলের সেকশনে কাজ করার জন্য এই রেল পুশ ট্রলিতে করে নেয়ার কথা ছিল। পোড়াদহ-গোয়ালন্দ এবং রাজশাহী-টুঙ্গীপাড়া দুটি রুটে একটি এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন এই পথ দিয়ে দিনে ১০ বার আসা যাওয়া করে।
এদিকে শুক্রবার বিকেলে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর এ উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার কারণে কুষ্টিয়া থেকে রাজবাড়ী সঙ্গে সব ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।