চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে গণবিজ্ঞপ্তি জারি
চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আবারো কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির জেলা হিসেবে চাঁদপুরে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝঁকিপূর্ণ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের স্বার্থে সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) নিষিদ্ধ করা হলো। এ জেলার সব পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম নিষিদ্ধ করা হলো। গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। সব শিক্ষা-প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
.png)
রাত ৮টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। শপিংমলে ক্রেতা/বিক্রেতা উভয়কেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং রাত ৮টার মধ্যে সব দোকান/মার্কেট/শপিংমল (জরুরি খাদ্যপণ্য, ওষুধের দোকান ব্যতীত) বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের প্রবেশ বাতিল করা হলো। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
চাঁদপুরে এ পর্যন্ত তিন হাজার ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৯৩ জন।